সতীর্থদের আসা-যাওয়ার মিছিলে যোগ দিলেন অধিনায়ক মাহমুদউল্লাহও। অফ স্পিনার আকিলা ধনঞ্জয়াকে ডাউন দ্য উইকেটে খেলতে এসেছিলেন ডানহাতি ব্যাটসম্যান। বল তার ব্যাট লেগে চলে যায় স্লিপে দিমুথ করুনারত্নের হাতে। মাহমুদউল্লাহ করেন ৬। বাংলাদেশের সংগ্রহ তখন ৫ উইকেটে ঠিক ১০০ রান।
রঙ্গনা হেরাথকে টানা দুই বলে দুই চার মারলেন মুশফিকুর রহিম। প্রথমটা এক্সট্রা কভার দিয়ে, পরেরটা ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে। আর এই দুই চারে পূর্ণ হলো বাংলাদেশের শতরান। ২৪ ওভারে ১০০ রান করতে ৪ উইকেট হারিয়েছে বাংলাদেশ।
দলের চাপের মুখে বেশিক্ষণ উইকেটে টিকতে পারেননি লিটন দাস। অভিষিক্ত অফ স্পিনার আকিলা ধনঞ্জয়ার হঠাৎ লাফিয়ে ওঠা বল লিটনের গ্লাভসে লেগে জমা পড়ে শর্ট লেগ ফিল্ডারের হাতে। ২০ বলে লিটন করেন ১২। বাংলাদেশের সংগ্রহ তখন ৪ উইকেটে ৭৮ রান।
লাঞ্চ বিরতি থেকে ফিরে তৃতীয় ওভারেই উইকেট হারিয়েছে বাংলাদেশ। রঙ্গনা হেরাথের অফ স্টাম্পের বলে উইকেটরক্ষককে ক্যাচ দিয়েছেন মুমিনুল হক (৩৩)। এটি হেরাথের ৪১৩ নম্বর টেস্ট উইকেট। তখন ৬৩ রানে ৩ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ।
সকালে শ্রীলঙ্কার শেষ দুই উইকেট তুলে নিতে বাংলাদেশের লেগেছিল ১১.৫ ওভার। পরে ৩৩৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে লাঞ্চের আগেই দুই ওপেনার তামিম ইকবাল ও ইমরুল কায়েসের উইকেট হারিয়েছে বাংলাদেশ। লাঞ্চ বিরতিতে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৫৭ রান। জিততে হলে এখনো ২৮২ রান করতে হবে বাংলাদেশকে, হাতে ৮ উইকেট। মুমিনুল হক ৩১ ও মুশফিকুর রহিম ২ রানে অপরাজিত আছেন। এই সেশনে সব মিলিয়ে রান উঠেছে ৮৩, উইকেট পড়েছে ৪টি।
ছক্কা হাঁকিয়েই ফিরলেন ইমরুল
অফ স্টাম্পের বাইরে রঙ্গনা হেরাথের লেংথ বল। ডাউন দ্য উইকেটে এসে লং অফের ওপর দিয়ে ছক্কা হাঁকালেন ইমরুল কায়েস। বাঁহাতি স্পিনার পরের বলটাও করলেন প্রায় একই। কিন্তু এবার ব্যাট এগিয়ে ডিফেন্স করতে গিয়ে উইকেটরক্ষককে ক্যাচ দিয়ে ফিরলেন ইমরুল (১৭)। বাংলাদেশের সংগ্রহ তখন ২ উইকেটে ৪৯। ওয়াসিম আকরামকে (৪১৪) ছাড়িয়ে টেস্টের সবচেয়ে সফলতম বাঁহাতি বোলার হতে হেরাথের চাই আর ৩ উইকেট।



No comments:
Post a Comment