শুনানিতে খালেদা জিয়ার আইনজীবী দাবি করেন, এই মামলার অভিযোগ গঠনেই ত্রুটি রয়েছে। বকশীবাজারে কারা অধিদপ্তরের প্যারেড মাঠে স্থাপিত বিশেষ আদালতে এই শুনানি চলছে।
মঙ্গলবার রাষ্ট্রপক্ষ যুক্তিতর্ক শুনানি শেষ করে খালেদা জিয়ার সর্বোচ্চ শাস্তি দাবি করে। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলাও এই আদালতে বিচারাধীন। এটিরও শুনানি চলছে।
গতকাল সকাল ১১টা ৫ মিনিটে আদালতে যান খালেদা জিয়া। যুক্তিতর্কের শুরুতেই খালেদা জিয়ার আইনজীবী আবদুর রেজ্জাক খান বলেন, এ মামলায় দুর্নীতি দমন কমিশনের পিপি আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন। পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে।
তিনি বলেন, কোনো মামলায় সর্বোচ্চ সাজা দিতে হলে অভিযোগের পক্ষে যথেষ্ট সাক্ষ্য-প্রমাণ থাকতে হয়।
কিন্তু খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো অভিযোগই প্রমাণ হয়নি। তিনি দাবি করেন, মামলায় খালেদা জিয়ার নামে যেভাবে অভিযোগ (চার্জ) গঠন করা হয়েছে তা বিধিসম্মতভাবে হয়নি। এ সময় আদালত প্রশ্ন করেন,
‘চার্জ গঠনের বিরুদ্ধে আপনারা হাইকোর্টে গিয়েছিলেন কি না?’ জবাবে রেজ্জাক খান বলেন, ‘গিয়েছিলাম, তবে হাইকোর্ট চার্জের কপি দেখেননি। ’
এ পর্যায়ে আদালত বলেন, ‘তাহলে এখন এসব কথা বলছেন কেন?’ রেজ্জাক খান বলেন, ‘জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার এজাহারের সঙ্গে চার্জ গঠনের কোনো মিল নেই। দুদকের দেওয়া ৩২ জন সাক্ষীর মধ্যে কেউ বলেননি খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালে ক্ষমতার অপব্যবহার করেছেন। ’
খালেদা জিয়ার আইনজীবী আরো বলেন, ‘সৌদি আরবের একটি বেসরকারি ব্যাংক থেকে তাঁর (খালেদার) অ্যাকাউন্টে টাকা এসেছে। সেটা কোনো রাষ্ট্রীয় অর্থ নয়। ১৯৯১ সালের ৯ জুন সৌদি আরবের একটি প্রাইভেট ব্যাংক থেকে এ টাকা পাঠানো হয়। কে টাকা পাঠিয়েছেন তারও কোনো খবর নেই।
খালেদা জিয়া এ মামলায় কিভাবে সম্পৃক্ত হলেন তার ব্যাখ্যা নেই। কোনো ব্যক্তি বা গোষ্ঠী অনুসন্ধান করে কোনো টাকার খোঁজ পেল না, ঘটনার ১৭ বছর পর দুদক এ তথ্য পেল।
মামলার অভিযোগে ক্ষমতার অপব্যবহারের কথা বলা হলেও কোনো সাক্ষী তা বলেননি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব ড. কামালউদ্দিন সিদ্দিকী ও তাঁর পিএস জগলুল পাশার ঘাড়ের ওপর বন্দুক রেখে মামলা চালানোর প্রয়াস। যাঁরা চাকরি করে অবসরে চলে গেছেন, এ মামলায় তাঁদের বক্তব্যে নেওয়া হয়েছে। ’
খালেদা জিয়ার আইনজীবী আরো বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ে এতিমদের নামে কোনো তহবিল ছিল না, যেটা ছিল সেটা হচ্ছে ত্রাণ ও কল্যাণ তহবিল।
রেজ্জাক খান মামলার এজাহার ও আসামিদের দেওয়া জবানবন্দি পড়ার একপর্যায়ে বলেন, ‘বিচারে যেন কোনো রকম বিভ্রান্তি না হয়। খালেদা জিয়া যেন প্রত্যাশিত ন্যায়বিচার থেকে বঞ্চিত না হন।
’ এরপর আজ বৃহস্পতিবার পর্যন্ত শুনানি মুলতবি করা হয়। এর আগে আদালতের কার্যক্রম শুরু হলে রেজ্জাক খান আদালতকে জানান, তিনিসহ চারজন খালেদা জিয়ার পক্ষে যুক্তি উপস্থাপন করবেন।
অন্য তিনজন হলেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার ও এ জে মোহাম্মদ আলী।
২৫ বিএনপি কর্মী আটক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বকশীবাজারে আদালতে হাজিরা দিতে যাওয়ার সময় এবং ফেরার সময় হাইকোর্টের মাজার গেট ও কদম ফোয়ারার সামনে বিএনপি নেতাকর্মীরা ভিড় করে। সড়কের ওপরে তারা মিছিল করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়।
এতে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে দুই নারী কনস্টেবল আহত হন। এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের ২৫ নেতাকর্মীকে আটক করে শাহবাগ থানা পুলিশ।



No comments:
Post a Comment